রাঙামাটিতে ঘরের ভেতর আটকে পড়া দুই শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস


মেহেদী হাসান    |    ০৬:২১ পিএম, ২০২৬-০১-০১

রাঙামাটিতে ঘরের ভেতর আটকে পড়া দুই শিশুকে উদ্ধার করল ফায়ার সার্ভিস

রাঙামাটি সদর উপজেলার আমানত বাগ এলাকার কলেজ গেইট সংলগ্ন একটি বাসার কক্ষে আটকে পড়া দুই শিশুকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার (১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) সকাল ৯টা ২৫ মিনিটে ঘটনাটি সম্পর্কে সংবাদ পেয়ে রাঙামাটি ফায়ার স্টেশনের একটি উদ্ধার দল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।

সকাল ৯টা ৪০ মিনিটে উদ্ধার কার্যক্রম শুরু করা হয়।

জানা গেছে, অভিভাবকদের অনুপস্থিতিতে দুই শিশু অসাবধানতাবশত ঘরের ভেতর থেকে দরজায় ছিটকিনি লাগিয়ে দেয়।

ফলে তারা কক্ষের ভেতরে আটকে পড়ে এবং বের হতে না পেরে আতঙ্কিত হয়ে পড়ে।

বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন।

রাঙামাটি ফায়ার স্টেশনের ৩য় কল ফোটন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কক্ষের এক পাশের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।

পরে দক্ষতা ও সতর্কতার সঙ্গে দুই শিশুকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন রাঙামাটি ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোহাম্মদ মুর্শিদুল ইসলাম।

এ ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

সফলভাবে উদ্ধার কার্যক্রম শেষ করে সকাল ১০টা ৩০ মিনিটে উদ্ধার ইউনিট নিরাপদে ফায়ার স্টেশনে প্রত্যাবর্তন করে।

এদিকে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ অভিভাবকদের শিশুদের নিরাপত্তার বিষয়ে আরও সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।