সরকারি কাজে বাধা দিলে আইনানুগ ব্যবস্থা: প্রধান নির্বাহী কর্মকর্তা


আলমগীর মানিক    |    ০৬:০৯ পিএম, ২০২৬-০১-০৮

সরকারি কাজে বাধা দিলে আইনানুগ ব্যবস্থা: প্রধান নির্বাহী কর্মকর্তা

রাঙামাটির বনরূপা এলাকায় জেবি স’মিল সড়কে ড্রেন নির্মাণ ও সড়ক সংস্কারকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রাঙামাটি পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আসলাম সরওয়ার।

এ সময় তিনি দ্রুত কাজ শুরু করতে সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দেন এবং সরকারি উন্নয়নকাজে বাধা দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানান।

পরিদর্শনকালে তিনি বলেন, এলাকার উন্নয়নে কেউ বাধা সৃষ্টি করলে তা বরদাশত করা হবে না। সরকারি কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দণ্ডনীয় অপরাধ এবং এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্রে জানা যায়, বনরূপা এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে জেবি স’মিল হয়ে লেকার্স পাবলিক স্কুল সংযোগ সড়কের পাশে আরসিসি ড্রেনসহ ফুটপাত নির্মাণ ও সড়ক সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন।

এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে রাঙামাটি পৌরসভা সংশ্লিষ্ট সড়কের সংস্কার এবং ড্রেন নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে ঠিকাদার নিয়োগ দেয়।

তবে কাজ শুরু করতে গেলে জেবি স’মিলের মালিক আব্দুল হাকিম ও তাঁর লোকজন বাধা সৃষ্টি করেন বলে অভিযোগ করেন ঠিকাদার।

এতে কাজ কার্যত স্থবির হয়ে পড়ে। বিষয়টি জানার পর প্রধান নির্বাহী কর্মকর্তা আসলাম সরওয়ার, পৌরসভার সহকারী প্রকৌশলী প্রবীর দাশসহ একটি প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শনে যান।

পরিদর্শনকালে পৌরসভার প্রকৌশল শাখার কর্মকর্তারা ড্রেন ও সড়ক নির্মাণের লে-আউট বুঝিয়ে দেন এবং দ্রুত কাজ শুরু করার নির্দেশনা দেন।

এ সময় জেবি স’মিলের মালিকের জামাতা জানে আলম কাজ শুরু না করার অনুরোধ জানালে উভয় পক্ষের মধ্যে কথাবার্তা হয়।

পরে প্রধান নির্বাহী কর্মকর্তা সরকারি কাজে বাধা প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি স্পষ্ট করলে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন।

কাজের ঠিকাদার মো. কামাল উদ্দিন জানান, কার্যাদেশের মেয়াদ প্রায় শেষ হয়ে আসছে। তিনি অভিযোগ করেন, জেবি স’মিলের মালিকের ছেলে মো. রিয়াজ উদ্দিন বাবু ও তাদের সহযোগীরা বিভিন্নভাবে কাজে বাধা দিচ্ছেন, যার ফলে নির্মাণকাজ শুরু করা সম্ভব হচ্ছিল না। পৌরসভার কর্মকর্তারা সরেজমিনে এসে কাজ বুঝিয়ে দেওয়ায় খুব দ্রুত কাজ শুরু করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এলাকাবাসী জানান, বনরূপা আলিফ মার্কেট সংলগ্ন জেবি স’মিল সড়কে দীর্ঘদিন ধরে ড্রেন ও সড়ক সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়।

নোংরা পানি ও কাদামাটির কারণে পথচারী ও যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। বাজার ও স্কুল-কলেজগামী মানুষ নিয়মিত সমস্যার মুখে পড়েন এবং স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে রাঙামাটি পৌরসভা অবশেষে সড়ক সংস্কার ও আরসিসি ড্রেন নির্মাণ প্রকল্প গ্রহণ করায় এলাকাবাসী দ্রুত কাজ শুরু হওয়ার প্রত্যাশা করছেন।