দীপেন দেওয়ানের উদ্যোগে রাঙামাটিতে খালেদা জিয়ার জন্য প্রার্থনা


আলমগীর মানিক    |    ০৮:১২ পিএম, ২০২৬-০১-১২

দীপেন দেওয়ানের উদ্যোগে রাঙামাটিতে খালেদা জিয়ার জন্য প্রার্থনা

সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পারলৌকিক সদগতি কামনায় রাঙামাটিতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সকাল ৯টা থেকে রাঙামাটি রাজবন বিহারে এ মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাঙামাটি-২৯৯ নং সংসদীয় আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ানের উদ্যোগে এই ধর্মীয় প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে রাজবন বিহারের শ্রদ্ধেয় মহাস্থবির জ্ঞানপ্রিয় ভান্তের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও সদগতি কামনায় বৌদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্টপরিষ্কার দানসহ বিভিন্ন ধর্মীয় দান ও প্রার্থনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেবজ্যোতি চাকমা, সাংগঠনিক সম্পাদক শ্বাশত চাকমা রিংকু, জুরাছড়ি উপজেলা বিএনপির সভাপতি অনিল বরণ চাকমা, সাধারণ সম্পাদক সাদন বিকাশ চাকমা, সাংগঠনিক সম্পাদক রিপন জ্যোতি চাকমা, খেদারমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য বিল্টু চাকমা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডেনিশ চাকমাসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

প্রার্থনা অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।

তাঁর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁরা তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া ও প্রার্থনা অব্যাহত রাখার আহ্বান জানান।