খালেদা জিয়া ছিলেন একটি রাজনৈতিক আদর্শ, সাধারণ রাজনীতিবিদ নন: দীপেন দেওয়ান


আলমগীর মানিক    |    ১০:৫২ পিএম, ২০২৬-০১-১৭

খালেদা জিয়া ছিলেন একটি রাজনৈতিক আদর্শ, সাধারণ রাজনীতিবিদ নন: দীপেন দেওয়ান

বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, “বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম বেগম খালেদা জিয়া।

তিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একটি রাজনৈতিক আদর্শ।”

তিনি বলেন, ব্যক্তিগত জীবনে বেগম খালেদা জিয়া ছিলেন অসাধারণ দৃঢ়চেতা ও বিচক্ষণ। কঠিন সময়েও তিনি চরম ধৈর্য ও সাহসের পরিচয় দিয়েছেন।

তার সেই আদর্শকে বুকে ধারণ করেই আমাদের আগামীর পথে এগিয়ে যেতে হবে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে রাঙামাটির কাউখালী উপজেলায় উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত খতমে কোরআন, দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীপেন দেওয়ান আরও বলেন, “বাংলাদেশে সামরিক ও বেসামরিক স্বৈরতন্ত্রবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান অনন্য। তিনি আজীবন দেশপ্রেমকে লালন করেছেন।

তিনি বলতেন—‘বিদেশে আমাদের বন্ধু আছে, কিন্তু প্রভু নেই; দেশই আমার আসল ঠিকানা।’”
এই আদর্শের কারণেই তার শেষযাত্রায় দেশের মানুষ যে ভালোবাসা দেখিয়েছে, তা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি মরহুমা খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

কাউখালী উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মোতালেবের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো ও মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সাকিল।

এছাড়া বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, প্রচার সম্পাদক ও জাসাস সভাপতি কামাল উদ্দিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন তালুকদার, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম বাবলু, জেলা তাঁতী দলের আহ্বায়ক মো. শফি, কাউখালী উপজেলা বিএনপির সহ-সভাপতি অর্জুন মনি চাকমা ও সাজাই মং মারমা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, তারা মিয়া ও শওকত হোসেন, যুবদল নেতা ইসমাইল হোসেন, মহিলা দলের নেত্রী ফেরদৌসি আক্তার ও বর্ণা চাকমা, ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার উপস্থিতি, পরামর্শ ও দিকনির্দেশনা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।

কিন্তু সেই সময়েই তিনি আমাদের ছেড়ে চলে যান। তবুও তার আদর্শ চির অম্লান। এ দেশের মানুষ অনন্তকাল তাকে শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করবে।

বক্তারা আরও বলেন, বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন অসম্মান ও নির্যাতনের মাধ্যমে ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল

। কিন্তু সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। তার মৃত্যুর পর গোটা বিশ্ব দেখেছে কীভাবে প্রকৃত সম্মান অর্জিত হয়।

সভা শেষে বক্তারা মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।