বরকল উপজেলায় জুঁই চাকমার গণসংযোগ ও পথসভা


নাজিম আল হাসান    |    ০৪:০০ পিএম, ২০২৬-০১-২৮

বরকল উপজেলায় জুঁই চাকমার গণসংযোগ ও পথসভা

নির্বাচনী প্রচারণার সপ্তম দিনে রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনে গণতন্ত্র মঞ্চের সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জুঁই চাকমা বরকল উপজেলা সদরে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।

বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সকাল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরকল বাজার এলাকায় তিনি নির্বাচনী ইশতেহার বিতরণ, ভোটারদের সঙ্গে মতবিনিময় এবং পথসভায় অংশ নেন।

পথসভায় বক্তব্যে জুঁই চাকমা বলেন, “২০১৮ ও ২০২৪ সালের মতো যদি আবারও ছকে বাঁধা নির্বাচন হয়, তাহলে এই দেশে গণতন্ত্র রক্ষা করা সম্ভব হবে না।”

তিনি বলেন, ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানের পর তিনি দল-মত নির্বিশেষে রাঙামাটি জেলার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এবং দুর্নীতির বিরুদ্ধে যে অবস্থান নিয়েছেন, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “লেবু গাছ লাগিয়ে আপেল পাওয়ার আশা করবেন না। অতীতে যাদের আমরা ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠিয়েছি, তারা নির্বাচিত হওয়ার পর ভোটারদের কথা ভুলে গেছেন।

এবার আর তা হতে দেওয়া হবে না।” তিনি আরও বলেন, “আপনারা যদি আমাকে ভোট দিয়ে সংসদে পাঠান, তাহলে রাঙামাটি জেলার সকল শ্রেণি-পেশার মানুষের সুচিন্তিত পরামর্শ নিয়ে সমন্বয়ের মাধ্যমে জেলার উন্নয়ন কার্যক্রম পরিচালনার একটি দৃষ্টান্ত স্থাপন করব।”

বরকল উপজেলার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে জুঁই চাকমা বলেন, স্বাস্থ্য, শিক্ষা এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন তার অগ্রাধিকার।

তিনি বলেন, “১২ ফেব্রুয়ারি আপনারা কোদাল মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে বরকল উপজেলার স্বাস্থ্যসেবা উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং জেলা সদরের সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের মাধ্যমে বরকলবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রূপ দেওয়ার উদ্যোগ নেব।”

তিনি আরও বলেন, রাজনৈতিক আদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু জেলার উন্নয়নের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। “যে সড়ক বা ব্রিজ নির্মিত হবে, সেখানে শুধু পাহাড়ি কিংবা শুধু বাঙালি নয়—পাহাড়ি-বাঙালি সবাই সমানভাবে চলাচল করবে,”—বলেন তিনি।

রাঙামাটির উন্নয়ন প্রসঙ্গে জুঁই চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে ব্যক্তি স্বার্থে যেসব প্রকল্প গ্রহণ করা হয়, সেগুলো এক বছরের জন্য বন্ধ রাখলে সেই অর্থে রাঙামাটি জেলা সদরের সঙ্গে বরকল উপজেলার সড়ক যোগাযোগ স্থাপন সম্ভব। তিনি অভিযোগ করেন, রাঙামাটিতে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে এবং জবাবদিহিতাও নিশ্চিত নয়।

“আমি নির্বাচিত হলে সবার আগে এই সমন্বয়হীনতা দূর করার উদ্যোগ নেব,”—বলেন তিনি।

পথসভায় আরও উপস্থিত ছিলেন জুঁই চাকমার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব পলাশ চাকমা, যুগ্ম সদস্য সচিব অপু বড়ুয়া, সদস্য মঈন উদ্দিন, আবু বড়ুয়া, চীর জ্যোতি চাকমা, সোহেল চাকমা, সাইমুন ইসলাম, অরুনজিতা চাকমা ও নিখিল চাকমা। এছাড়া জুঁই চাকমার নির্বাচনী মুখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলন, বরকল উপজেলার পার্টির স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।