বাঘাইছড়িতে দু’গ্রুপের মধ্যে হাতাহাতি, তিনজন হাসপাতালে ভর্তি


নিজস্ব প্রতিবেদক    |    ১১:১০ পিএম, ২০২৬-০২-১৩

বাঘাইছড়িতে দু’গ্রুপের মধ্যে হাতাহাতি, তিনজন হাসপাতালে ভর্তি

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটির জেরে হাতাহাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধায় পৌর এলাকার পশ্চিম মুসলিম ব্লক (০২নং ওয়ার্ড) এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাঙ্গামাটি পার্বত্য জেলা আসনে বিএনপি মনোনীত প্রার্থীর বিজয় উপলক্ষে মাগরিবের পর স্থানীয় কর্মীদের জন্য খাবারের আয়োজন করা হয়। খাওয়া-দাওয়ার পর স্থানীয় চায়ের দোকানে মোরশেদ আলম বিএনপির নির্বাচনী কর্মী কার্ড গলায় দিয়ে ঘোরাফেরা করলে মারিশ্যা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাইজউদ্দিন সাজু তার পূর্ব রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে মন্তব্য করেন। 

এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয় এবং একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়; পরবর্তীতে তা মারামারিতে রূপ নেয়। 

উক্ত ঘটনায় মারিশ্যা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শাইজউদ্দিন সাজু (৩৬), পিতা- মো. শুক্কুর আলী এবং বিএনপি কর্মী তুহিন হাসান শুভ (১৮), পিতা- আবুল কালাম, সাং- মুসলিম ব্লক পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানাগেছে। 

অপরপক্ষের মোরশেদ আলম (পিতা- মৃত এজাহার মিয়া, সাং- পশ্চিম মুসলিম ব্লক) কিছুটা আঘাতপ্রাপ্ত। বর্ণিত তিনজনই তারা বর্তমানে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।