সবার আগে বাংলাদেশ” প্রচারণায় জনসচেতনতা বৃদ্ধিতে চলচ্চিত্র প্রদর্শন


মেহেদী হাসান    |    ১১:৩৫ পিএম, ২০২৬-০৩-১৩

সবার আগে বাংলাদেশ” প্রচারণায় জনসচেতনতা বৃদ্ধিতে চলচ্চিত্র প্রদর্শন

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত “সবার আগে বাংলাদেশ” অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক ও উন্নয়নমূলক বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরের মার্চ থেকে জুন/২০২৬ সময়কালে ব্যাপক প্রচার কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

এ কর্মসূচির আওতায় জনগণের মাঝে সচেতনতা তৈরির উদ্দেশ্যে তথ্যবহুল ও শিক্ষামূলক চলচ্চিত্র প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এই চলচ্চিত্র প্রদর্শন কার্যক্রমে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি এবং জনকল্যাণমূলক উদ্যোগ সম্পর্কে জনগণকে অবহিত করা হবে। বিশেষ করে নির্বাচনী ইশতেহারে উল্লেখিত ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু করা, কৃষকদের জন্য কৃষিঋণ মওকুফের উদ্যোগ, কৃষি খাতের উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা হবে।

এছাড়াও পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হবে।

একইসঙ্গে নারীর ক্ষমতায়ন এবং তাদের চলাচল ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করতে নারীদের জন্য বিশেষ পরিবহন সুবিধা বা গাড়ির ব্যবস্থা সংক্রান্ত বিষয়ও এই প্রচার কার্যক্রমে অন্তর্ভুক্ত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্বের সাথে তুলে ধরে ডেঙ্গু প্রতিরোধে করণীয়, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সচেতনতা বৃদ্ধির বার্তা চলচ্চিত্রের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।

পাশাপাশি গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানানো হবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে সমাজে বিভ্রান্তি সৃষ্টির ক্ষতিকর দিক তুলে ধরা হবে।

সাম্প্রদায়িকতা প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং মানব পাচার রোধে জনগণের সক্রিয় অংশগ্রহণের গুরুত্বও এই চলচ্চিত্রগুলোর মাধ্যমে তুলে ধরা হবে।

এতে করে দেশের সার্বিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন বজায় রাখতে জনগণের মধ্যে দায়িত্ববোধ ও সচেতনতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

এছাড়াও সরকার ও রাষ্ট্রবিরোধী অপপ্রচার এবং অপ-রাজনীতি প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে বাস্তবভিত্তিক তথ্য ও বার্তা চলচ্চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হবে, যাতে জনগণ সত্য ও মিথ্যার পার্থক্য বুঝতে পারে এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও প্রত্যন্ত অঞ্চলে এই চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা করা হবে, যাতে সকল শ্রেণি-পেশার মানুষ সহজেই এসব তথ্যভিত্তিক প্রচারণা দেখতে পারে এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হতে পারে।

এই উদ্যোগের মাধ্যমে “সবার আগে বাংলাদেশ” স্লোগানকে বাস্তবে রূপ দিতে জনগণের মধ্যে সচেতনতা, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।