রাঙ্গামাটিতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২ যুবক গ্রেফতার


আলমগীর মানিক    |    ১২:৫৭ এএম, ২০২৬-০৩-৩০

রাঙ্গামাটিতে ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২ যুবক গ্রেফতার

রাঙ্গামাটি সদর এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে মাদকবিরোধী কার্যক্রম, ইভটিজিং প্রতিরোধ এবং কিশোর গ্যাং দমনের অংশ হিসেবে ২ জন যুবককে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, গত ২৯ মার্চ সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় ডিবি পুলিশের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় অফিসার ইনচার্জ মোঃ এনামুল হকের নেতৃত্বে দলটি রাঙ্গামাটি সদর থানাধীন বিভিন্ন এলাকায় তল্লাশি ও সচেতনতামূলক কার্যক্রম চালায়।

অভিযান চলাকালে রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে রাঙ্গামাটি পৌরসভার মারী স্টেডিয়ামের গ্যালারি এলাকা থেকে প্রকাশ্যে মাদক সেবনের প্রস্তুতিকালে দুইজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন; মিজানুর রহমান (১৯), পিতা: আমির হামজা এবং অপূর্ব দে (১৯), পিতা: স্বপন দে। উভয়ের বাড়ি কে.কে. রায় সড়ক, রাজবাড়ী এলাকায়।

অভিযানের সময় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় ও তথ্য আদান-প্রদান করা হয়। পাশাপাশি মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে জনগণকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। রাঙ্গামাটি জেলা পুলিশ মাদক, জুয়া, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী কার্যক্রমে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।