মহালছড়িতে আত্মপ্রকাশ করলো সামাজিক সংগঠন ‘হৃদয়ে মহালছড়ি’


মহালছড়ি প্রতিনিধি    |    ০১:৪০ পিএম, ২০২৬-০৪-০৯

মহালছড়িতে আত্মপ্রকাশ করলো সামাজিক সংগঠন ‘হৃদয়ে মহালছড়ি’

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় নতুন এক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘হৃদয়ে মহালছড়ি’-র আত্মপ্রকাশ ঘটেছে।

“তারুণ্যের শক্তি, মহালছড়ির প্রগতি” এই শ্লোগানকে সামনে রেখে গঠিত সংগঠনটি ইতোমধ্যে স্থানীয় তরুণ সমাজের মাঝে ব্যাপক আগ্রহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

বুধবার (৮ এপ্রিল) আয়োজিত এক সাধারণ সভার মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সভায় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং আংশিক কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

উপস্থিত বক্তারা বলেন, দল-মত নির্বিশেষে মহালছড়ির শিক্ষা, স্বাস্থ্য, ক্রীড়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

একই সঙ্গে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

ঘোষিত ১১ সদস্য বিশিষ্ট কমিটিতে মোঃ খালেদ মাসুদ সাগর সভাপতি এবং মোঃ আব্দুল কাদের সিয়াম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি হিসেবে মোঃ আতাউর রহমান রনি, যুগ্ম সাধারণ সম্পাদক তুষান চাকমা, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ ইয়াসিন আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সূর্য মারমা, অর্থ সম্পাদক মোঃ দুলু মিয়া, সমাজকল্যাণ সম্পাদক উম্মে তাসলিমা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ হাসান এবং নির্বাহী সদস্য হিসেবে সোহাগ ইসলাম (সাকিব) দায়িত্ব পেয়েছেন।

সংগঠনটির নবনির্বাচিত সভাপতি মোঃ খালেদ মাসুদ সাগর বলেন, “আমরা মহালছড়িকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

শিক্ষার হার বৃদ্ধি, স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার মাধ্যমে আমরা একটি ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি সংগঠনের কার্যক্রম বাস্তবায়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

উল্লেখ্য, সংগঠনটির অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়েছে মহালছড়ির ২৪ মাইল এলাকায়। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ স্থানীয় পর্যায়ে সংগঠনটিকে ঘিরে ব্যাপক আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে।

সচেতন মহলের প্রত্যাশা, ‘হৃদয়ে মহালছড়ি’ তাদের সৃজনশীল ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই এলাকার সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠবে।