ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বন্ধনে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান


আলমগীর মানিক    |    ০৬:৪৪ পিএম, ২০২৬-০৪-১৩

ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বন্ধনে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: দীপেন দেওয়ান

সব জাতিসত্তার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একটি নতুন, সমৃদ্ধ ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে উঠবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান, এমপি।

তিনি বলেন, পার্বত্য অঞ্চলের বৈচিত্র্যময় সামাজিক উৎসবগুলো শুধু আনন্দ-উৎসবের উপলক্ষ নয়; বরং এগুলো আমাদের ঐতিহ্য, রীতিনীতি ও সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।

সোমবার দুপুরে রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার-এর বাসভবনে আয়োজিত ‘বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-বিহু-চাংক্রান-চাংলান’ উৎসব এবং বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের ১১টি জাতিগোষ্ঠী অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব উদযাপন করছে।

তবে উদ্বেগের বিষয় হচ্ছে—অনেক জনগোষ্ঠীর প্রাচীন ঐতিহ্য ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। তিনি মনে করেন, আমাদের শিকড় ও সংস্কৃতি রক্ষার স্বার্থে এসব ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুদ্ধার এখন সময়ের দাবি।

পার্বত্য অঞ্চলের মানুষের প্রতি আহ্বান জানিয়ে দীপেন দেওয়ান বলেন, এই উৎসবগুলো পারস্পরিক সম্প্রীতি, সহাবস্থান ও ভ্রাতৃত্ববোধের প্রতীক।

তাই এই সাংস্কৃতিক ধারাকে আরও শক্তিশালী করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে। তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকার দেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন এবং তাদের স্বকীয় সংস্কৃতি সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ।

দেশের সামগ্রিক রাজনৈতিক প্রেক্ষাপট ও উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত সরকার তারেক রহমান-এর নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ঐতিহাসিক ভূমিকা পালন করবে।

তিনি আশা প্রকাশ করেন, পার্বত্য চট্টগ্রামের প্রতিটি জাতিগোষ্ঠীর উৎসব রাষ্ট্রীয়ভাবে স্ব-স্ব নামে পালনের পূর্ণ স্বীকৃতি ও অধিকার নিশ্চিত করা হবে।

সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর হাতকে শক্তিশালী করার জন্য সকলের সহযোগিতা কামনা করে তিনি ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের মাধ্যমে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজল তালুকদার। এসময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফীসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠান শেষে মন্ত্রী পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশের মানুষকে বাংলা নববর্ষ ও বিজুর আন্তরিক শুভেচ্ছা জানান।