যৌথ বাহিনীর অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৫৪ পিএম, ২০২৬-০৫-০৩

যৌথ বাহিনীর অভিযানে বিদেশি সিগারেটসহ আটক ১

খাগড়াছড়ি সদর উপজেলার ধর্মপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ জনেল চাকমা (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রোববার (৩ মে) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত একটি যৌথ বাহিনী ধর্মপুর পূর্ব নীলকান্ত পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় জনেল চাকমার নিজ বাড়িতে তল্লাশি চালিয়ে ORIS ও PATRON ব্র্যান্ডের দুই কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয় এবং তাকে আটক করা হয়।

আটক জনেল চাকমা খাগড়াছড়ির প্যারা ছড়া এলাকার ত্রিপান জতি চাকমার ছেলে বলে জানা গেছে।

এ বিষয়ে বাংলাদেশ পুলিশ-এর খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কায় কিসলু জানান, বিদেশি সিগারেট পাচারচক্রের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। তার কাছ থেকে অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।