রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় হতাহত ২


নিজস্ব প্রতিবেদক    |    ১২:১০ এএম, ২০২৬-০৫-১৩

রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় হতাহত ২

রাঙামাটির রাজস্থলী উপজেলা ও বিলাইছড়ি উপজেলা সড়কের ২৬ কিলো লতাপাহাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় আবদুস সালাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় বেলাল হোসেন নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ মে) রাত প্রায় ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত বেলাল হোসেনের পিতার নাম কবির আহম্মদ। তিনি রাজস্থলীর বাঙ্গালহালিয়া এলাকার মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. নেজাম উদ্দিন জানান, রাত সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাকবলিত এলাকা থেকে দুইজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিলাইছড়ি উপজেলার ফারুয়া এলাকা থেকে হলুদ বোঝাই করে চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে যাওয়ার সময় ফারুয়া ইউনিয়নের লতাপাহাড় এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আবদুস সালামের মৃত্যু হয় এবং পাশে থাকা বেলাল হোসেন আহত হন।

নিহত আবদুস সালাম রাজস্থলীর বাঙ্গালহালিয়া গ্রামের শফিপুর মুন্সিপাড়ার মৃত আবদুল জলিলের ছেলে।

রাজস্থলী থানা-র অফিসার ইনচার্জ খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত চাঁদের গাড়িটি উদ্ধার করে থানায় নেওয়া হবে। এছাড়া পরিবারের কোনো অভিযোগ না থাকায় নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।