পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে শান্তি নেই!


আল মামুন    |    ১০:০২ পিএম, ২০২৬-০৫-২০

পার্বত্য চুক্তি বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে শান্তি নেই!

খাগড়াছড়িতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।

বুধবার (২০ মে ২০২৬) সকালে জেলা শহরের লারমা স্কয়ার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মারমা উন্নয়ন সংসদ প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। এতে বিভিন্ন স্তরের নেতাকর্মী, শিক্ষার্থী ও সমর্থকরা অংশ নেন।

র‌্যালিতে নেতৃত্ব দেন পিসিপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কলিন চাকমা। পরে অনুষ্ঠিত আলোচনা সভার উদ্বোধন করেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা।

সভায় স্বাগত বক্তব্য রাখেন পিসিপির কেন্দ্রীয় প্রতিনিধি সুমন্ত চাকমা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি বিজয় চাকমা।

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি দীপন চাকমার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমা।

এছাড়াও বক্তব্য রাখেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় ছাত্র ও যুববিষয়ক সম্পাদক বিজয় চাকমা, পিসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাবু চাকমা, সহ-সভাপতি লবিয়ত চাকমাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ বাস্তবায়ন না হওয়ায় এখনো পাহাড়ে কাঙ্ক্ষিত শান্তি প্রতিষ্ঠিত হয়নি।

ভূমি বেদখল, নির্যাতন-নিপীড়ন এবং পাহাড়ের মানুষের মৌলিক অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা বিদ্যমান রয়েছে।

তারা অভিযোগ করেন, কার্যকর ও নিরপেক্ষ ভূমি কমিশন না থাকায় পার্বত্য অঞ্চলের দীর্ঘদিনের ভূমি সমস্যারও স্থায়ী সমাধান হচ্ছে না।

আলোচনা সভায় বক্তারা পার্বত্য চট্টগ্রামের সামগ্রিক পরিস্থিতি, পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার, শিক্ষা ও সামাজিক নিরাপত্তার বিষয় তুলে ধরেন।

একই সঙ্গে পিসিপি গঠনের ইতিহাস, সংগ্রাম ও আন্দোলনের প্রেক্ষাপটও নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়।

অনুষ্ঠান শেষে সংগঠনের নেতারা পাহাড়ে শান্তি, ন্যায়বিচার ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদারের আহ্বান জানান।