রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার, চোলাইমদ উদ্ধার


আলমগীর মানিক    |    ০৫:২৭ পিএম, ২০২৬-০৫-২২

রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে ৩ মাদক কারবারি গ্রেফতার, চোলাইমদ উদ্ধার

রাঙ্গামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ৩৪ লিটার অবৈধ চোলাইমদ উদ্ধার করা হয়। গতকাল রাতে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে খিপ্পা পাড়া এলাকার মংগল মারমা (৩১)-এর কাছ থেকে ৩৪ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কোতয়ালী থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া, মাদক মামলার পলাতক আসামী নুর মোহাম্মদ (৩২) ও রনি শীল (৩২)-কে গ্রেফতার করা হয়েছে। তারা কোতয়ালী থানার একটি মাদক মামলার এজাহারভুক্ত পলাতক আসামী বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।