লংগদু জোনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত


গোলামুর রহমান-লংগদু    |    ০৯:৩৩ পিএম, ২০২৬-০৫-৩০

লংগদু জোনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

রাঙামাটির লংগদু উপজেলায় সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের উদ্যোগে এক ব্যাপক ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

মানবিক ও জনকল্যাণমূলক এ উদ্যোগের মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকার দুই শতাধিক পাহাড়ি ও বাঙালি হতদরিদ্র, অসহায়, এতিম নারী-পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

শনিবার সকাল ১১টা থেকে লংগদু বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই মেডিক্যাল ক্যাম্পে বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি-এর সার্বিক নির্দেশনায় গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ও জোনের মেডিক্যাল অফিসার চিকিৎসাসেবা প্রদান করেন।

ক্যাম্পে গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মোছাঃ আনিকা বুসরা (এমবিবিএস, বিসিএস) নারীদের বিভিন্ন স্বাস্থ্যসমস্যা নিয়ে পরামর্শ ও চিকিৎসাসেবা প্রদান করেন।

পাশাপাশি লংগদু জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন আবরার এবং সার্জেন্ট হাবিব সাধারণ রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।

দুর্গম পাহাড়ি অঞ্চলে বিশেষজ্ঞ চিকিৎসাসেবার সুযোগ সীমিত হওয়ায় এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

চিকিৎসাসেবা গ্রহণকারী অনেকেই জানান, গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে সরাসরি পরামর্শ ও চিকিৎসা পাওয়া তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উপকারী হয়েছে।

তারা এ মানবিক উদ্যোগের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়দের মতে, পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকায় নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এখনো একটি বড় চ্যালেঞ্জ।

এমন প্রেক্ষাপটে বাংলাদেশ সেনাবাহিনীর এই ধরনের ফ্রি মেডিক্যাল ক্যাম্প শুধু চিকিৎসাসেবাই নয়, বরং জনসাধারণের মাঝে আস্থা, সম্প্রীতি ও মানবিক বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ প্রসঙ্গে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের কল্যাণে কাজ করে আসছে।

পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং তাদের পাশে দাঁড়াতে লংগদু জোনের পক্ষ থেকে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন জোন নিয়মিতভাবে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন ও মানবিক সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

লংগদু জোনের এ মেডিক্যাল ক্যাম্পও সেই ধারাবাহিকতারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্থানীয় জনগণের প্রশংসা অর্জন করেছে।