আবেগঘন আয়োজনে লেকার্সে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায়


আলমগীর মানিক    |    ০৯:৩৮ পিএম, ২০২৬-০৬-২৮

আবেগঘন আয়োজনে লেকার্সে এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায়

বিদায় মানেই শেষ নয়, নতুন স্বপ্নের সূচনা।
অধ্যবসায়ে আসুক সাফল্যের ঠিকানা।"

এই প্রতিপাদ্যকে সামনে রেখে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষা-২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে এক আন্তরিক, সুশৃঙ্খল ও আবেগঘন বিদায় সংবর্ধনা এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের আগামী দিনের পথচলার জন্য শুভকামনা জানানো হয় এবং তাদের সাফল্যময় ভবিষ্যৎ কামনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মেজর মো. শরীফুল ইসলাম, এসি

এছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, এইচএসসি পরীক্ষা-২০২৬ সালের বিদায়ী শিক্ষার্থীরা এবং একাদশ শ্রেণির শিক্ষার্থীরা।

লেকার্সের অডিটোরিয়ামে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এরপর বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয়।

বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রতিনিধিরা তাদের দীর্ঘ শিক্ষাজীবনের নানা স্মৃতি, অনুভূতি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আবেগঘন সেই মুহূর্তে শিক্ষক-শিক্ষার্থী সবার মাঝে সৃষ্টি হয় এক অনন্য পরিবেশ।

শিক্ষকবৃন্দের পক্ষ থেকে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রভাষক স্মরণিকা দাশ

তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, কঠোর পরিশ্রম, সময়ের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং নৈতিক মূল্যবোধকে ধারণ করে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করার আহ্বান জানান।

একই সঙ্গে তিনি আসন্ন এইচএসসি পরীক্ষার প্রস্তুতি বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন এবং সকল শিক্ষার্থীর সফলতা কামনা করেন।

পরবর্তীতে এইচএসসি পরীক্ষা-২০২৬ সালের সকল পরীক্ষার্থীর সর্বাঙ্গীণ সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও উপস্থিত অতিথিরা একসঙ্গে অংশগ্রহণ করেন এবং পরীক্ষার্থীদের সফলতার জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মেজর মো. শরীফুল ইসলাম, এসি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা শুধু ভালো ফলাফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একজন সৎ, দায়িত্বশীল, দেশপ্রেমিক ও মানবিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলাই প্রকৃত শিক্ষার লক্ষ্য।

তিনি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, অধ্যবসায়, শৃঙ্খলা এবং নৈতিক মূল্যবোধকে ধারণ করে জীবনের প্রতিটি ধাপে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

পাশাপাশি তিনি আসন্ন এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য অর্জনের জন্য আন্তরিক শুভকামনা প্রকাশ করেন।

পরে প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষা-উপকরণ তুলে দেন। এ সময় শিক্ষার্থীরা তাঁদের শিক্ষকদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের সঙ্গে কাটানো স্মরণীয় সময়গুলোর কথা আবেগভরে স্মরণ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে স্মৃতিময় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করতে ফটোসেশনের আয়োজন করা হয়।

আন্তরিকতা, আবেগ, শুভকামনা এবং ভবিষ্যৎ সাফল্যের প্রত্যাশায় মুখর এই আয়োজনের মধ্য দিয়ে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষা-২০২৬ সালের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে।

এই আয়োজন বিদায়ী শিক্ষার্থীদের জীবনে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে এবং তাদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনের পথে অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সকল পরীক্ষার্থীর জন্য রইল আন্তরিক শুভকামনা ও দোয়া।

সাফল্যের প্রতিটি ধাপে তারা যেন নিজেদের যোগ্যতা, সততা ও মানবিক গুণাবলীর মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে, সেই প্রত্যাশাই ব্যক্ত করা হয়।