হাসপাতালের ভাঙা সড়ক মেরামত করল অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও বেবি ট্যাক্সি চালক কল্যাণ সমিতি


অহিদুল ইসলাম অভি    |    ১২:১৭ এএম, ২০২৬-০৭-০২

হাসপাতালের ভাঙা সড়ক মেরামত করল অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও বেবি ট্যাক্সি চালক কল্যাণ সমিতি

দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের প্রধান সড়কের ভাঙা অংশ অবশেষে নিজ উদ্যোগে মেরামত করেছেন রাঙ্গামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, বেবি ট্যাক্সি চালক কল্যাণ সমিতি এবং হাসপাতাল সিএনজি স্টেশন কমিটির সদস্যরা। মঙ্গলবার রাতে সমিতির নিজস্ব অর্থায়নে সড়কের ক্ষতিগ্রস্ত অংশে সিসি ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়।

স্থানীয় চালকরা জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালের প্রবেশ সড়কের একটি অংশ ভেঙে থাকায় প্রতিদিন রোগীবাহী অ্যাম্বুলেন্স, সিএনজি, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছিল। বিশেষ করে গুরুতর অসুস্থ রোগীদের হাসপাতালে আনা-নেওয়ার সময় ভাঙা রাস্তার কারণে অতিরিক্ত ঝুঁকি ও ভোগান্তির মুখে পড়তে হতো। বহুবার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও দৃশ্যমান কোনো সংস্কার কার্যক্রম গ্রহণ করা হয়নি বলে অভিযোগ তাদের।
এ অবস্থায় রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে রাঙ্গামাটি জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, বেবি ট্যাক্সি চালক কল্যাণ সমিতি এবং হাসপাতাল সিএনজি স্টেশন কমিটি যৌথভাবে নিজেদের অর্থায়নে ভাঙা অংশে সিসি ঢালাইয়ের উদ্যোগ নেয়। রাতেই শ্রমিক ও চালকদের স্বেচ্ছাশ্রমে মেরামতের কাজ সম্পন্ন করা হয়।
উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টরা বলেন, এটি কোনো স্থায়ী সমাধান নয়, বরং জনসাধারণের সাময়িক দুর্ভোগ লাঘবের একটি ক্ষুদ্র প্রচেষ্টা। হাসপাতালমুখী এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন শত শত রোগী, স্বজন এবং বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। তাই জনস্বার্থে দ্রুত স্থায়ীভাবে সড়কটির উন্নয়ন করা প্রয়োজন।
 
তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি চট্টগ্রাম-রাঙ্গামাটি প্রধান সড়ক থেকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পর্যন্ত পুরো সড়কটি টেকসই আরসিসি সড়কে উন্নীত করার জোর দাবি জানান। তাদের আশা, দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হলে রোগী, স্বজন এবং চালকদের দীর্ঘদিনের দুর্ভোগের স্থায়ী অবসান ঘটবে।