আজগর আলী খান | ০৮:১৯ পিএম, ২০২৬-০৮-১৭
‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে রাঙামাটির রাজস্থলী উপজেলায় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত ও সফল মৎস্যচাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে দিনব্যাপী এসব কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এতে নেতৃত্ব দেন রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসান।
র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা।
এ সময় মৎস্যসম্পদের উৎপাদন বৃদ্ধি, দেশীয় মাছের প্রজনন ও সংরক্ষণ এবং জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে উপজেলা মডেল মসজিদের হলরুমে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
খাদ্য পরিদর্শক আশিষ ভৌমিকের সঞ্চালনায় এবং উপজেলা ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ এরশাদ বিন শহীদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মারমা, এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, সাংবাদিক আজগর আলী খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নোমান, জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ এবং ছাত্রদলের প্রতিনিধি আজিজুর রহমান রুবেলসহ অন্যরা।
মৎস্যচাষিদের পক্ষে বক্তব্য দেন এস এম আলাউদ্দিন, মনিরুজ্জামান কুসুম, মনির হোসেন ও লাকি মারমাসহ অনেকে।
আলোচনা সভায় রাজস্থলী উপজেলায় মৎস্য খাতের সম্ভাবনা, উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং জলাশয় রক্ষায় জনসম্পৃক্ততা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, পাহাড়ি এ অঞ্চলের জলাশয় ও প্রাকৃতিক পরিবেশ মৎস্যসম্পদের জন্য গুরুত্বপূর্ণ।
পরিকল্পিত মৎস্যচাষের পাশাপাশি দেশীয় মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র সংরক্ষণ করা গেলে স্থানীয় পর্যায়ে মৎস্য উৎপাদন আরও বাড়ানো সম্ভব।
সভায় উপজেলার সফল তিনজন মৎস্যচাষির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
তাদের এই সাফল্য অন্য মৎস্যচাষিদের উৎসাহিত করবে এবং মৎস্য খাতের উন্নয়নে আরও বেশি মানুষকে সম্পৃক্ত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউছুপ হাসান বলেন, দেশের মৎস্যসম্পদের উৎপাদন বাড়ানোর পাশাপাশি এর টেকসই সংরক্ষণে জলাশয় রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, জলাশয় দখল ও দূষণ রোধের পাশাপাশি দেশীয় মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে হবে।
মৎস্যসম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে একদিকে যেমন স্থানীয় মানুষের কর্মসংস্থান ও আয় বাড়বে, অন্যদিকে দেশের অর্থনীতিতেও মৎস্য খাত আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জাতীয় মৎস্য পক্ষের এ আয়োজনের মধ্য দিয়ে রাজস্থলীতে মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং জলাশয় রক্ষায় নতুন করে জনসচেতনতা তৈরির প্রত্যাশা ব্যক্ত করা হয়।
নাজিম আল হাসান : গণঅধিকার পরিষদ (জিওপি) থেকে স্বেচ্ছায় ইস্তফা দেওয়ার ঘোষণা দিয়েছেন দর্পণ কুমার চৌধুরী। ব্যক্তিগত ...বিস্তারিত
আজগর আলী খান : ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ উ...বিস্তারিত
মাহাদি বিন সুলতান : নানিয়ারচর উপজেলায় অসচ্ছল এক কলেজপড়ুয়া শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে নানিয়ারচর জোন। শিক্ষার্থীর পড়...বিস্তারিত
বিলাইছড়ি প্রতিনিধি : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় “মাদককে না বলি, সুন্দর জীবন গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে এক বর্...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটিতে অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদকসেবী, মাদকসহ আটক ব্যক্তি এবং সিআ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited