আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন খণ্ডকাটা কেএফসি


আজগর আলী খান    |    ০৯:২৯ পিএম, ২০২৬-০৯-২৫

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলের ফাইনালে চ্যাম্পিয়ন খণ্ডকাটা কেএফসি

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে আয়োজিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

টানটান উত্তেজনায় ভরা ফাইনাল ম্যাচে ট্রাইব্রেকারে রাজস্থলী বাজার একাদশকে ৭-৬ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে খণ্ডকাটা কেএফসি একাদশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।

তরুণ খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ, দুই দলের দৃষ্টিনন্দন ফুটবল নৈপুণ্য এবং বিপুল দর্শক উপস্থিতিতে পুরো এলাকা যেন ফুটবল উৎসবে পরিণত হয়।

ফাইনালে মুখোমুখি হয় খণ্ডকাটা কেএফসি একাদশ ও রাজস্থলী বাজার একাদশ। নির্ধারিত সময়জুড়ে দুই দলের আক্রমণ-পাল্টা আক্রমণে মাঠজুড়ে সৃষ্টি হয় রোমাঞ্চকর পরিবেশ।

উভয় দলই গোলের একাধিক সুযোগ সৃষ্টি করলেও নির্ধারিত সময়ে কোনো দলই জয়সূচক গোল আদায় করতে পারেনি।

পরে ট্রাইব্রেকারে স্নায়ুচাপের লড়াইয়ে ৭-৬ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে খণ্ডকাটা কেএফসি একাদশ।

খেলা পরিচালনা কমিটির সদস্য সাচিংমং মারমা ও মিজানুর রহমান প্রিন্সের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবদুল জব্বার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও রাঙামাটি-২৯৯ আসনের এমপি প্রতিনিধি দিলদার হোসেন, রাজস্থলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞো মারমা, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, যুগ্ম সম্পাদক রফিক আহম্মদ, আয়োজক কমিটির আহ্বায়ক ও এমপি প্রতিনিধি জিকু কুমার দে, উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহম্মেদ রুবেল, সদস্য সচিব উজ্জ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, বাঙ্গালহালিয়া ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক জোনায়েদ হোসেন, সাদেক হোসেন, সাদ্দাম হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ফাইনাল উপলক্ষে রাজস্থলী উপজেলার পাশাপাশি কাপ্তাই ও রাঙ্গুনিয়াসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে অসংখ্য খেলাপ্রেমী দর্শক মাঠে ভিড় করেন।

স্থানীয়দের উপস্থিতি, করতালি ও উচ্ছ্বাসে মাঠজুড়ে ছিল প্রাণচাঞ্চল্যের আবহ।

উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতিও অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

খেলা শেষে চ্যাম্পিয়ন খণ্ডকাটা কেএফসি একাদশ এবং রানার্সআপ রাজস্থলী বাজার একাদশের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা।

একই সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়, যা আয়োজনের মর্যাদা আরও বৃদ্ধি করে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতিকে সম্মান জানানো, স্থানীয় তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

ভবিষ্যতেও প্রতিবছর এই টুর্নামেন্ট ধারাবাহিকভাবে আয়োজনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।