স্থানীয়দের আত্মকর্মসংস্থানে বোট ও ইঞ্জিন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ দিল সেনাবাহিনী


অহিদুল ইসলাম অভি    |    ১২:২২ এএম, ২০২৬-১১-১২

স্থানীয়দের আত্মকর্মসংস্থানে বোট ও ইঞ্জিন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

রাঙামাটির বিলাইছড়িতে স্থানীয় জনগোষ্ঠীর কারিগরি দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বোট ও ইঞ্জিন রক্ষণাবেক্ষণবিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী ১৫ জনের মধ্যে সনদপত্র ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দিঘলছড়ি আর্মি ক্যাম্পে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও আর্থিক সহায়তা তুলে দেন বিলাইছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রিয়াসাত রহমান ফারুকী, পিএসসি।

বিলাইছড়ি জোনের উদ্যোগে গত ১৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পরিচালিত এ প্রশিক্ষণে স্থানীয় ১৫ জন পুরুষ অংশ নেন। তাঁদের মধ্যে ১০ জন পাহাড়ি এবং পাঁচজন বাঙালি ছিলেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের বোট ও ইঞ্জিনের রক্ষণাবেক্ষণসংক্রান্ত বিভিন্ন ব্যবহারিক ও কারিগরি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে তাঁরা যেন নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন এবং জীবিকা নির্বাহে স্বাবলম্বী হতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।

প্রশিক্ষণ শেষে সনদ ও আর্থিক সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা। এ ধরনের উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর দক্ষতা বিকাশ এবং ভবিষ্যতে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে সহায়ক হবে বলে মনে করছেন তাঁরা। এ জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতাও জানান স্থানীয় অংশীজন ও প্রশিক্ষণার্থীরা।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং আর্থসামাজিক স্বাবলম্বিতা অর্জনে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বিলাইছড়ি জোন।