রাঙামাটিতে ৪৮ মোবাইল ও বিকাশের ৪৩ হাজার টাকা উদ্ধার করল ১৮ এপিবিএন


অহিদুল ইসলাম অভি    |    ০১:১২ এএম, ২০২৬-১১-১২

রাঙামাটিতে ৪৮ মোবাইল ও বিকাশের ৪৩ হাজার টাকা উদ্ধার করল ১৮ এপিবিএন

রাঙামাটিতে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৪৮টি মোবাইল ফোন, ভুল নম্বরে পাঠানো বিকাশের ৪৩ হাজার ৭০০ টাকা এবং নিখোঁজ ১৪ বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা মোবাইল ফোন ও টাকা প্রকৃত মালিকদের এবং শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় রাঙামাটি শহরের রিজার্ভ বাজার মসজিদ মার্কেট এলাকায় ১৮ এপিবিএনের সম্মেলনকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মো. রেজাউল করিম।

১৮ এপিবিএনের তথ্যপ্রযুক্তি ও সাইবার ক্রাইম সেলের মাধ্যমে এসব উদ্ধার কার্যক্রম পরিচালিত হয়। ২০২৬ সালের অক্টোবর মাসে সাইবার ক্রাইম সেলে জমা পড়া ৫৬০টি সাধারণ ডায়েরি (জিডি) ও লিখিত অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু করা হয়। পরে প্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে হারানো মোবাইল ফোনগুলো শনাক্ত ও উদ্ধার করা হয়।

একই অনুসন্ধান কার্যক্রমের মাধ্যমে ভুল নম্বরে চলে যাওয়া বিকাশের ৪৩ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি দীর্ঘদিন নিখোঁজ থাকা ১৪ বছর বয়সী শিশুটির সন্ধান পেয়ে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

অনুষ্ঠানে অধিনায়ক পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং ডিজিটাল অপরাধ প্রতিরোধে ১৮ এপিবিএনের সাইবার ক্রাইম সেল কাজ করে যাচ্ছে। কোনো ধরনের হয়রানি বা অর্থ ব্যয় ছাড়াই নাগরিকদের এ সেবা নিশ্চিত করাই তাঁদের মূল লক্ষ্য।

এদিকে হারানো মোবাইল ফোন, টাকা ও নিখোঁজ স্বজনকে ফিরে পেয়ে ১৮ এপিবিএনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁদের মতে, এ ধরনের প্রযুক্তিনির্ভর জনসেবামূলক কার্যক্রম সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা ও নিরাপত্তাবোধ বাড়াতে সহায়ক হবে।