আলমগীর মানিক | ০৭:২৪ পিএম, ২০২৬-০৬-০১
বাংলাদেশ সরকারের মেয়াদের মাত্র তিন মাসের মাথায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগ দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
পদত্যাগপত্রে তিনি স্বাস্থ্যগত কারণ উল্লেখ করলেও পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক বাস্তবতা, মন্ত্রণালয়কে ঘিরে চলমান টানাপোড়েন এবং স্থানীয় ক্ষমতার দ্বন্দ্বের প্রেক্ষাপটে এই পদত্যাগকে ঘিরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের মতো একটি স্পর্শকাতর অঞ্চলের দায়িত্বে থাকা একজন পূর্ণমন্ত্রীর আকস্মিক বিদায়কে শুধুমাত্র ব্যক্তিগত স্বাস্থ্যগত বিষয় হিসেবে দেখছেন না অনেক রাজনৈতিক বিশ্লেষক।
তাদের মতে, এই পদত্যাগের রাজনৈতিক ও কূটনৈতিক প্রভাব দেশের সীমানা ছাড়িয়েও আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনার বিষয় হয়ে উঠতে পারে।
এদিকে, পার্বত্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা দীপেন দেওয়ানের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর রাঙামাটি শহরে তার সমর্থক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সোমবার বিকেল থেকে শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করেন সমর্থকরা। পরে তারা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা অভিযোগ করেন, একজন প্রতিমন্ত্রীর প্রত্যক্ষ চাপ এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের কারণে দীপেন দেওয়ানকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে।
তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং তার পদত্যাগপত্র প্রত্যাহারের সুযোগ দেওয়ার দাবি জানান।
রাঙামাটি জেলা বিএনপির নেতা ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির বলেন, “দীপেন দেওয়ানের মতো একজন গ্রহণযোগ্য ব্যক্তি স্বেচ্ছায় পদত্যাগ করবেন।
এটি তৃণমূলের নেতাকর্মীরা বিশ্বাস করেন না। আমরা মনে করি, প্রধানমন্ত্রী তারেক রহমান বিষয়টি বিবেচনা করে তার পদত্যাগপত্র ফিরিয়ে দিয়ে তাকে মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করবেন।”
এদিকে বিএনপি নেতা সাজাই মারমা, সদ্য বিদায়ী ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনসহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও দাবি করেছেন, দীপেন দেওয়ানকে পরিকল্পিতভাবে পদত্যাগে বাধ্য করা হয়েছে।
তারা তার পদত্যাগপত্র গ্রহণ না করে তা ফিরিয়ে দেওয়ার এবং তাকে পুনরায় মন্ত্রণালয়ের দায়িত্বে বহাল রাখার দাবি জানিয়েছেন।
নেতাকর্মীদের মতে, দীপেন দেওয়ান দীর্ঘদিন ধরে দক্ষতা, সততা ও গ্রহণযোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তার পদত্যাগের খবরে তৃণমূল পর্যায়ে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তারা দ্রুত এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা, কূটনৈতিক মিশন এবং মানবাধিকার সংগঠনগুলোর বিশেষ পর্যবেক্ষণের আওতায় রয়েছে।
১৯৯৭ সালের পার্বত্য শান্তিচুক্তির পর থেকে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী দেশ ও সংস্থা এ অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা, পাহাড়ি জনগোষ্ঠীর অধিকার, উন্নয়ন কার্যক্রম এবং শান্তি প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে আসছে।
এ কারণে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের যেকোনো বড় ঘটনা আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করাই স্বাভাবিক।
বিশেষজ্ঞদের মতে, সরকারের গুরুত্বপূর্ণ একজন মন্ত্রীর আকস্মিক পদত্যাগ আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে প্রশ্নের জন্ম দিতে পারে।
পার্বত্য অঞ্চলের রাজনৈতিক বাস্তবতায় এমন কী ঘটেছে, যা একজন জনপ্রতিনিধিকে এত দ্রুত দায়িত্ব ছাড়তে বাধ্য করল?
দীপেন দেওয়ান আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেও রাজনৈতিক অঙ্গনে ভিন্ন আলোচনা রয়েছে। মন্ত্রীত্ব গ্রহণের পর থেকেই রাঙামাটি জেলা বিএনপির সঙ্গে তার দূরত্ব বাড়ছিল বলে দলীয় সূত্রে আলোচনা রয়েছে।
জেলা বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি, ছাত্রদল ও সহযোগী সংগঠনের কমিটি গঠন, পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন এবং বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্তকে কেন্দ্র করে তিনি একাধিক চাপের মুখে ছিলেন বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করেন।
বিশেষ করে পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠনকে ঘিরে রাজনৈতিক সুপারিশ, লবিং, তদবির এবং প্রভাব বিস্তারের প্রতিযোগিতা মন্ত্রণালয়ের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রগুলো দাবি করছে।
এছাড়া উন্নয়ন বরাদ্দ বণ্টন নিয়ে বিতর্ক, মন্ত্রীর ঘনিষ্ঠদের বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ দ্বন্দ্বও তার অবস্থানকে দুর্বল করেছিল বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই পদত্যাগকে ঘিরে তৈরি হওয়া জনমত ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া সামাল দেওয়া।
কারণ, পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশের সাধারণ কোনো মন্ত্রণালয় নয়। এটি সরাসরি পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক বাস্তবতা, শান্তিচুক্তি বাস্তবায়ন, জাতিগত সম্প্রীতি এবং আঞ্চলিক স্থিতিশীলতার সঙ্গে সম্পর্কিত।
যদি আন্তর্জাতিক মহলে এই ধারণা তৈরি হয় যে পার্বত্য অঞ্চলের একজন মন্ত্রী রাজনৈতিক বা প্রশাসনিক চাপে পদত্যাগ করেছেন, তাহলে তা সরকারের জন্য অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে পারে।
বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষকরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে পারেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
দীপেন দেওয়ানের নির্বাচনী বিজয়ে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি (জেএসএস)-এর সমর্থনের বিষয়টি পার্বত্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।
এখন তার পদত্যাগের ঘটনায় সংগঠনটির অনেক নেতার প্রকাশ্য অসন্তোষ নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।
পার্বত্য অঞ্চলের প্রধান রাজনৈতিক স্টেকহোল্ডারদের মধ্যে যদি এ নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি হয়, তাহলে তা ভবিষ্যতে সরকার ও আঞ্চলিক রাজনৈতিক শক্তিগুলোর সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে।
দীপেন দেওয়ানের পদত্যাগের পর এখন নতুন মন্ত্রী নিয়োগের বিষয়টি শুধু প্রশাসনিক সিদ্ধান্ত নয়, রাজনৈতিক বার্তাও বহন করবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
পার্বত্য অঞ্চলের জনগণ দীর্ঘদিন ধরে বিশ্বাস করে আসছে যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে পাহাড়ের প্রতিনিধিত্ব থাকা উচিত।
ফলে নতুন নিয়োগে সরকার কী ধরনের সিদ্ধান্ত নেয়, তা শুধু দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, আন্তর্জাতিক মহলেও গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে বিবেচিত হতে পারে।
সরকার আনুষ্ঠানিকভাবে বলছে, মন্ত্রী স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছেন। বাস্তবতাও হচ্ছে, দীপেন দেওয়ান কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।
কিন্তু একই সঙ্গে রাজনৈতিক চাপ, দলীয় দ্বন্দ্ব, জেলা পরিষদ পুনর্গঠন নিয়ে বিরোধ, প্রশাসনিক বিতর্ক এবং পার্বত্য অঞ্চলের জটিল ক্ষমতার সমীকরণ—এসব বিষয়কে পুরোপুরি অগ্রাহ্য করাও কঠিন বলে মনে করছেন বিশ্লেষকরা।
ফলে পার্বত্য মন্ত্রীর পদত্যাগ এখন শুধু একজন মন্ত্রীর ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় নয়; বরং এটি পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক বাস্তবতা, সরকারের নীতি, আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
আগামী দিনগুলোতে সরকারের ব্যাখ্যা, নতুন মন্ত্রী নিয়োগ এবং পার্বত্য অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতির ওপরই নির্ভর করবে এই পদত্যাগ কেবল একটি প্রশাসনিক পরিবর্তন হিসেবে বিবেচিত হবে, নাকি তা বৃহত্তর রাজনৈতিক সংকেত হিসেবে ইতিহাসে স্থান পাবে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited